কুমিল্লা
সিআইডি পরিচয়ে বাইক ছাড়াতে গিয়ে গ্রেপ্তার যুবক

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে নিজের আটক মোটরসাইকেল ছাড়াতে গিয়ে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাসেল হোসেন (৩০) নামে এক যুবক। গ্রেপ্তার রাসেল হোসেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভূঁইয়াবাড়ি মরিচা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
আজ সোমবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর নগরীর শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ এক মোটরসাইকেলচালককে থামার সংকেত দেয়। এ সময় তিনি নিজেকে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয় দিয়ে নিজের নাম রাসেল হোসেন বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ না থাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।
পরদিন ২৫ অক্টোবর আটক মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল। সেখানে তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তার কথাবার্তায় সন্দেহ হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ বিষয়টি কুমিল্লা জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) জানায়।
খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে রাসেলের পরিচয় ও কর্মস্থল যাচাই করে। এতে নিশ্চিত হওয়া যায়, তিনি সিআইডির কোনো কর্মকর্তা নন।
পুলিশের এ কর্মকর্তা জানান, রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া নাম, ঠিকানা ও পদবি ব্যবহার করে সিআইডি পুলিশের পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন।
এ সময় তার মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি পাওয়া যায়। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সিআইডি লেখা কটি পরা অবস্থায় তৈরি একটি ভুয়া ছবিও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রাসেল ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।



