পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ে কৃষকদের সেচ সংকট দূর করতে ব্যারাজ নির্মাণের পরিকল্পনা

ছবি: আগামীর সময়
পঞ্চগড়ের কৃষকদের দীর্ঘদিনের সেচ সংকট দূর করতে জেলার শেষ প্রান্তে একটি ড্যাম বা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এটি বাস্তবায়িত হলে দেবীগঞ্জসহ আশপাশের এলাকার কৃষিজমিতে পানির সংকট দূর হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আজ শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় উপপ্রকল্পটিতে ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন করা হয়েছে। এর ফলে প্রায় সাত হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। পাশাপাশি প্রায় ৫০ হাজার মানুষের জীবনযাত্রা ও জীবিকার মানোন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, আগে প্রতি বিঘা জমিতে সেচ দিতে কৃষকদের তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হতো। নতুন প্রকল্পের ফলে এ ব্যয় প্রায় অর্ধেকে নেমে দেড় হাজার টাকায় দাঁড়াবে। ভবিষ্যতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা গেলে সেচ খরচ এক হাজার টাকার নিচে নামিয়ে আনা সম্ভব হবে।
তিনি বলেন, প্রস্তাবিত ব্যারাজ নির্মিত হলে সুন্দরদীঘি, দণ্ডপাল, চেংঠী, পামুলী, দেবীডুবা, দেবনগর ও সোনাহার এলাকার কৃষকরা উপকৃত হবেন। পানির অভাবে বর্তমানে এসব এলাকায় প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২ মণ ধান উৎপাদিত হয়। নিয়মিত সেচ নিশ্চিত করা গেলে উৎপাদন বেড়ে ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত হতে পারে। একই সঙ্গে রবি শস্যের আবাদও বহুগুণ বাড়বে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকা করা হয়নি। বর্তমান সরকার সেই সড়কের পাকাকরণের কাজ শুরু করেছে। সড়কটি সুন্দরদীঘি সেচমাথা পর্যন্ত সম্প্রসারণ ও বিদ্যুতায়নের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, সরকার জনবান্ধব ও জনকল্যাণমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নে কাজ করছে। এ অঞ্চলের দীর্ঘদিনের পানিসংকট বিবেচনায় নিয়েই ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।




