সংস্কৃতিমন্ত্রী
খাতায় লিখুক আর না লিখুক, ৯০ শতাংশ পাস দেখানো হয়েছে

কথা বলছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী
বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ও সংস্কৃতির বিকাশ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আজ শুক্রবার দিনব্যাপী পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে বাংলা একাডেমি আয়োজিত জন্মবার্ষিকীর আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর এ দেশে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষা ধ্বংস করা হয়েছে। খাতায় লিখুক আর না লিখুক, ৯০ শতাংশ পাস দেখানো হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ধ্বংস করা হয়েছে। সংস্কৃতির বিপরীতে মাদকের বিকাশ ঘটানো হয়েছে। বিগত সময়ে শিক্ষা ও সমতার কথা ভাবা হয়নি। অথচ শিক্ষা ও সমতার মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব।
মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্মের গুরুত্ব তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, বাংলা সাহিত্যের জাগরণে তার অবদান অসামান্য। তিনি শুধু ঔপন্যাসিক ছিলেন না। তিনি ছিলেন নাট্যকার, কথাশিল্পী, সাংবাদিক ও প্রমোদরসিক। সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবদান তাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। তিনি আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ।
মন্ত্রী আরও বলেন, মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত স্থানকে ঐতিহ্যবাহী সম্পদ বা ‘হেরিটেজ প্রপার্টি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে প্রতিবছর এখানে তার জন্মবার্ষিকী পালন করা হয়। চাইলে ঢাকায়ও এ আয়োজন করা সম্ভব ছিল। কিন্তু যেখানে তার স্মৃতি ও সমাধি রয়েছে, সেখানেই জন্মবার্ষিকী পালন করতে চাই। এর মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে তার স্মৃতি ও সাহিত্যকর্ম ধারণ করার সুযোগ তৈরি হয়। তার স্মৃতি যেন এ অঞ্চলের মানুষের মধ্যে চিরজীবন্ত থাকে, সেটিই আমাদের মূল লক্ষ্য।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা।
শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচক ছিলেন অধ্যাপক সালাম তাসির ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান খোকন।



