বাউফলে ছাদের প্লাস্টার ধসে দুই শিক্ষার্থী আহত, তবুও চলছে ক্লাস

ছবি: আগামীর সময়
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজে শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার ধসে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার পরেও ক্লাসরুম সংকটের কারণে ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
আজ বুধবার সকাল ১০টার দিকে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো বিদ্যালয়ের নবম শ্রেণির সাজিদ হাওলাদার (১৪) ও ইমরুল ইসলাম (১৪)। সহপাঠী ও শিক্ষকরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্লাস চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের এক টুকরো প্লাস্টার ভেঙে দুই ছাত্রের গা ঘেঁষে পড়ে। দুইজন আহত হলে শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে শিক্ষার্থীদের দ্রুত কক্ষ থেকে বের করে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। বিভিন্ন স্থানে ফাটল ও প্লাস্টার খসে পড়ার ঘটনা ঘটছে নিয়মিত। এখন পর্যন্ত সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ক্লাসরুম সংকটে ওই ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চালিয়ে যাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির কয়েক শিক্ষার্থী জানান, প্রায়ই ভবনের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে। তারা সব সময় আতঙ্কের মধ্যে ক্লাস করে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।
এ বিষয়ে অধ্যক্ষ এস এম জহিরুল ইসলাম বললেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ২০০৩ সালে ভবনটি নির্মাণ করা হয়েছিল। এরপর আর কোনো সংস্কারকাজ হয়নি। আমি সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে।’


