ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে তিন ভারতীয়সহ আটক ৮

আটক তিন ভারতীয় নাগরিক। ছবি: আগামীর সময়
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বিজিবি।
গতকাল বুধবার মধ্যরাত ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি-এর শ্রীনাথপুর বিওপির একটি টহল দল তাদের আটক করে।
আটকের বিষয়টি জানিয়েছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।
তিনি জানিয়েছেন, সীমান্তের মেইন পিলার ৬১-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাদের আটক করা হয়।
আটক তিন ভারতীয় নাগরিক হলেন, মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)। তাদের বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়।
আটক পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন, গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০) ও দুলালী (৪০), নারায়ণগঞ্জের সামিয়া আক্তার (১৭), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) এবং বরিশালের অঞ্জনা সিং (১৮)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে আসার কথা জানান।
অন্যদিকে, আটক বাংলাদেশি নাগরিকেরা বাড়িতে কাজ করার উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সহকারী পরিচালক ইমদাদুর।




