সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১২ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বিভিন্ন উপজেলার ১২টি গ্রামে একদিন আগে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। বুধবার (২৭ মে) সকাল থেকে বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাইট কুমড়া জামে মসজিদ ও মাইট কুমড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ১০টায় বোয়ালমারী উপজেলার কাটাঘর রাখালতলী এবং আলফাডাঙ্গা উপজেলার সাঁস্রাইল গ্রামেও পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় মুসল্লিরা জানান, চট্টগ্রামের সাতকানিয়া পীর মাওলানা ইয়াসিন আলীর অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানির প্রস্তুতি নেন। গ্রামগুলোতে বাড়ি বাড়ি ঈদের বিশেষ খাবারের আয়োজন করা হয়। নতুন পোশাক পরে শিশু-কিশোরদের আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।






