চট্টগ্রাম বন্দর নিয়ে দেশ বিক্রির অভিযোগ ভিত্তিহীন : বাণিজ্যমন্ত্রী

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সক্ষমতা বৃদ্ধিতে সম্পাদিত চুক্তিকে কেন্দ্র করে দেশ বিক্রির যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, এ চুক্তির কারণে বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাবেন না। বরং বন্দরের সক্ষমতা বাড়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের পারিশ্রমিকও বৃদ্ধি পাবে।
আজ শুক্রবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ চুক্তি করা হয়েছে। এ চুক্তিকে কেন্দ্র করে দেশ বিক্রির যে অভিযোগ তোলা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। চুক্তির ফলে বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত হবেন না। বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট কর্মীদের পারিশ্রমিক বাড়বে।
তিনি আরও বলেছেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি দেশের বাণিজ্যিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। এ বিষয়ে অযৌক্তিক অভিযোগ না তুলে চুক্তির উদ্দেশ্য ও এর সম্ভাব্য সুফল বিবেচনায় নেওয়া প্রয়োজন।
এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, দেশের পোশাক রপ্তানি খাতের সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।



