মুড়ির প্যাকেটে ছিল ‘বোমা’, ঘরে নিতেই বিস্ফোরণ

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় অভিনব কায়দায় মুড়ির প্যাকেটে দুর্বৃত্তদের রাখা বোমা বিস্ফোরণে জামায়াতে ইসলামীর এক নেতা আহত হয়েছেন।
আহতের নাম এম এম মনিরুল ইসলাম (৬৩)। তিনি দিঘলিয়ার সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি।
আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তার বাড়িতে এ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ভোর পৌনে ৬টার দিকে মনিরুল ইসলাম ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় নিজ ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান।
এ সময় তিনি কেউ ভুল করে মুড়ি বাইরে রেখেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখেন। মুড়ির প্যাকেটটি ঘরে নিয়ে মেঝেতে (ফ্লোর) রাখার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে জামায়াত নেতা মনিরের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরে থাকা আসবাবপত্রে আগুন ধরে যায়।
পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরূপ কুমার চৌধুরী বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ছাড়া নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’



