গাজীপুর
পুলিশ-বিএনপি যোগসাজশে ছাত্রলীগ-যুবলীগের মিছিল: এনসিপি

ছবি: আগামীর সময়
গাজীপুরে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একের পর এক ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ ও বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে নির্লিপ্ততা এবং যোগসাজশের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা অ্যাডভোকেট আলী নাসের খান।
তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মিছিল করছেন এবং অর্থায়ন করছেন; অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। বরং গাছা থানা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমকে দুইবার গ্রেপ্তারের পরও ছেড়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার গাজীপুর মহানগরীর বরকত সরণীতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
গত সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে গাজীপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আলী নাসের খান বললেন, ‘দেশের জনতা বুকের তাজা রক্ত দিয়ে গাজীপুরকে ফ্যাসিস্টমুক্ত করেছে। অথচ এখন নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতারা প্রকাশ্যে মিছিল করছে। পুলিশ আগে থেকেই তথ্য পেয়েও এসব মিছিল ঠেকাতে পারছে না।’
গাজীপুরে সাম্প্রতিক কয়েকটি মিছিলের উল্লেখ করে তিনি বলেছেন, ২১ মে গাছা থানায় যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ২১ জুন বাসন থানায় মহানগর ছাত্রলীগ, ৩ জুলাই রাজেন্দ্রপুরে ছাত্রলীগ, ১৬ জুলাই বাসন থানায় ছাত্রলীগ এবং সর্বশেষ ২৬ জুলাই গাছা এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে। এসব মিছিলের সময় পুলিশকে আগেই অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আলী নাসের খান বলেছেন, ‘আওয়ামী লীগের এসব মিছিলের বিষয়ে পুলিশ, জেলা পুলিশ ও মহানগর পুলিশকে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে। ওসিরা মিছিলের সময় জানতেন। তারপরও তারা কীভাবে মিছিল প্রতিহত করতে পারলেন না এবং নিষিদ্ধ সংগঠনের সংগঠকদের গ্রেপ্তার করলেন না— এ প্রশ্নের জবাব দিতে হবে।’
সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।





