হাকিমপুর
মদসহ আটক ভারতীয় নাগরিক
হিলি (দিনাজপুর) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
দিনাজপুরের হাকিমপুরে চার বোতল মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড জব্দ করা হয়।
গতকাল বুধবার রাতে উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকায় সড়কে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার রাতে মধ্যবাসুদেবপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে একটি ইজিবাইকে তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইকের যাত্রী অজিত কুমার ঘোষের কাছ থেকে চার বোতল মদ উদ্ধার করা হয়। পরে তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড জব্দ করা হয়।
আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
এসআই গোপাল চন্দ্র সরকার জানান, এ ঘটনায় অজিত কুমার ঘোষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




