শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরের মাটি খুঁড়ে নিখোঁজ শ্রমিকদল নেতার লাশ উদ্ধার

মোহাম্মদ রাসেল
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয়দিন পর সাবেক শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা দেওয়া এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত বুধবার রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় মরদেহটির সন্ধান পায় পুলিশ।
নিহত শ্রমিকদল নেতার নাম মোহাম্মদ রাসেল (২৭)। তিনি একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য ছিলেন। নোয়াখলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা ছিল তার।
এসব তথ্য নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাদের বিচ্ছেদ হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তান দুটি বাবার সঙ্গে থাকত। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংসার করার বলে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন তার স্ত্রী মুক্তা বেগম ও শালিকা রতনা। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় গত ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান।
চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা জানিয়েছেন, শ্রমিকদলের নেতাদের নিয়ে বুধবার রাতে তিনি থানায় যান। পরে পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে যান তারা। রাত ২টার দিকে বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে।
নিহতের বাবা সিরাজুল ইসলাম ছেলেকে হত্যার অভিযোগ করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নিহতের বাবা সিরাজুল ইসলাম বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
ওসি আবদুল মোন্নাফ জানালেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




