গাইবন্ধায় ৮০ ক্রসিংয়ের ৪০টিতেই নেই গেটম্যান

গ্রাফিকস: আগামীর সময়
গাইবান্ধার সান্তাহার-লালমনিরহাট রেলপথে ঝুঁকি নিয়ে রেললাইন পার হচ্ছেন হাজারো মানুষ। এ পথে থাকা ৮০টি রেলক্রসিংয়ের ৫০টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে প্রায় ৪০টি স্থানে নেই কোনো গেটম্যান। ফলে প্রতিদিন শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন যানবাহনকে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হচ্ছে। গত এক বছরে জেলায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন ২২ জন। স্থানীয় বাসিন্দাদের তৈরি এসব অরক্ষিত পারাপারের পথের দায় নিতে চাইছে না রেল কর্তৃপক্ষও। কোনো কোনো স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়েই দায়িত্ব শেষ করেছে তারা। অথচ এসব পথে প্রতিদিন অসংখ্য মানুষের চলাচল রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গোবিন্দগঞ্জের শালমারা থেকে সুন্দরগঞ্জের হাসানগঞ্জ পর্যন্ত রেলপথটি গাইবান্ধার ১১টি স্টেশনের মধ্য দিয়ে গেছে। স্টেশনগুলো হলো শালমারা, মহিমাগঞ্জ, বোনারপাড়া, বাদিয়াখালী, ত্রিমোহিনী, গাইবান্ধা, কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা ও হাসানগঞ্জ। এ পথে লোকাল ও আন্তঃনগর মিলিয়ে নিয়মিত আটটি ট্রেন চলাচল করে।
এসব এলাকা ঘুরে দেখা গেছে, রেললাইনের দুই পাশে পাকা সড়ক এসে মিশেছে। কোথাও রেলগেট থাকলেও নেই গেটম্যান, কোথাও কোনো গেটই নেই। ফলে ট্রেন আসার সংকেত ছাড়াই মানুষ ও যানবাহন রেললাইন পার হচ্ছে। কোনো কোনো স্থানে ট্রেন আসার সময় স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে সাময়িকভাবে চলাচল বন্ধ করেন। তবে অধিকাংশ জায়গায় এমন ব্যবস্থাও নেই।
গাইবান্ধা সদর উপজেলার মোল্লার বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হচ্ছিলেন সোহরাব। তার ভাষায়, এই রাস্তা অনেক পুরনো। হাজার হাজার মানুষ ও যানবাহন এখান দিয়ে চলাচল করে। অথচ গেটম্যান নেই। এমন গুরুত্বপূর্ণ জায়গায় গেটম্যান নিয়োগ দেওয়া জরুরি।
একই এলাকার ব্যবসায়ী রিজু মিয়া বললেন, ‘রেললাইনের দুই পাশে অনেক দোকানপাট গড়ে উঠেছে। কেনাকাটা করতে মানুষকে একপাশ থেকে অন্যপাশে যেতে হয়। অনেক বয়স্ক মানুষ ট্রেনের শব্দও ঠিকমতো শুনতে পান না।’ তার আশঙ্কা, গেটম্যান না থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
অরক্ষিত ক্রসিং তৈরির পেছনে রেলের জমিতে অবৈধ স্থাপনা গড়ে ওঠাকেও দায়ী করছেন কেউ কেউ। ব্রহ্মপুত্র সেতু আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফ আলীর ভাষায়, রেললাইনের দুই পাশের জমি রেলের হলেও কিছু অসাধু কর্মকর্তা টাকার বিনিময়ে এসব জমি লিজ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। লিজ নেওয়ার পর সেখানে দোকানপাট, ঘরবাড়ি ও বাজার গড়ে উঠছে। এসব স্থাপনার কারণে মানুষের চলাচলের জন্য রেললাইনের ওপর নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে।
তিনি মনে করেন, রেলের জমিতে যেখানে-সেখানে দোকানপাট ও বাড়িঘর নির্মাণ বন্ধ করা গেলে অবৈধ পারাপারের পথও কমবে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে।
রেললাইন পারাপারে নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র উঠে এসেছে রেলওয়ে পুলিশের তথ্যেও। গাইবান্ধা রেলওয়ে থানার উপপরিদর্শক আব্দুল গণি বললেন, ‘মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হন। গত এক বছরে জেলায় ট্রেনে কাটা পড়ে ২২ জন নারী-পুরুষের মৃত্যু হয়েছে।’
তবে রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য, স্থানীয় লোকজন অনুমতি ছাড়াই এসব অরক্ষিত পারাপারের পথ তৈরি করছেন। গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত সরকারের ভাষ্য, রেলওয়ের প্রকৌশল বিভাগের নির্ধারিত লেভেল ক্রসিংগুলোতে গেটম্যান রয়েছেন। স্থানীয়ভাবে তৈরি রাস্তাগুলোর দুই পাশে মানুষকে সতর্ক করতে সাইনবোর্ড লাগানো হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে গেটম্যান নিয়োগের প্রয়োজনীয়তা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।



