চোর সন্দেহে পিটুনির পর মৃত্যু, ‘আত্মহত্যা’ সাজানোর চেষ্টার অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়
সাভারের হেমায়েতপুরে ট্রাক চুরির সন্দেহে আটকে রেখে শারীরিক নির্যাতনের পর মো. সেলিম মিয়া (২৮) নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, সেলিমের মৃত্যুর পর ঘটনাটি ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দিতে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তার স্ত্রীর টিপসই নেওয়া হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়।
নিহত সেলিম মিয়া নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের সরকারপাড়া এলাকার মৃত শমশের আলীর ছেলে। স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি সাভারের হেমায়েতপুর পুরানপাড়ায় সালাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। জীবিকার তাগিদে স্থানীয় বৈশা মাদুদের ছেলে ফিরোজ কবিরের বালু পরিবহনের ট্রাকে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাতে ফিরোজ কবিরের ট্রাক স্ট্যান্ড থেকে একটি ট্রাক চুরি হয়। চুরি হওয়া ট্রাকটির সন্ধান না পেয়ে সেলিমকে সন্দেহ করেন ফিরোজ কবির। এর জেরে গত ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় সেলিমকে। পরে হেমায়েতপুরের ভাঙ্গা ব্রিজ কেজি স্কুলসংলগ্ন ফিরোজ কবিরের বসতবাড়িতে আটকে রেখে তাকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।
নিহত সেলিমের পরিবারের অভিযোগ, টানা নির্যাতনের একপর্যায়ে গত ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়। মৃত্যুর পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সেলিম ‘আত্মহত্যা’ করেছেন মর্মে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা লেখা হয়। এতে তার স্ত্রীর টিপসই নেওয়া হয়। পরে ওই দিন রাত পৌনে ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহ নীলফামারীর কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ রণচণ্ডী সরকারপাড়ায় গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ঘটনায় নিহত সেলিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, অভিযোগটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।




