পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল নিক্ষেপের অভিযোগ, নারীসহ আটক ৪

ককটেল
পাবনা শহরে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে শহরের আবদুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি।
এ ঘটনার পর ওই মার্কেটের তৃতীয় তলা থেকে এক নারী ও তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা গেছে, ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি শহরের প্রধান সড়ক (আবদুল হামিদ সড়ক) হয়ে শহীদ চত্বর (ট্রাফিক মোড়) ঘুরে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছালে মিছিল লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়।
ঘটনার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা মার্কেটের ফটক আটকে দিয়ে পুলিশে খবর দেন। পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটের তৃতীয় তলা থেকে চারজনকে আটক করে।
জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর প্রতিবাদে আমাদের মিছিলটি মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে আসতেই ওপর থেকে ককটেল হামলা চালানো হয়। আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি হামলাকারীরা মার্কেটের ভেতরেই আছে। পরে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে প্রশাসনকে খবর দিলে পুলিশ চারজনকে আটক করে। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‘ছাত্রদল নেতাকর্মীদের খবরের ভিত্তিতে মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলা থেকে সন্দেহভাজন মধ্যবয়সী এক নারী ও তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’



