চাটখিল
পরকীয়ার জেরে শ্রমিক দল নেতাকে হত্যার পর মাটিচাপা, গ্রেপ্তার ৩

ছবি: আগামীর সময়
নোয়াখালীর চাটখিলে পরকীয়ার জেরে শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেলকে (৩২) হত্যার পর মরদেহ পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়ার ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে এসআরবি। এ ঘটনায় রাসেলের সাবেক স্ত্রী, সাবেক শ্যালিকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাসেলের সাবেক স্ত্রী ও সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে ফারজানা আক্তার মুক্তা, তার বোন নাদিয়া সুলতানা রত্না এবং মুক্তার বর্তমান স্বামী সেলিম। সেলিম খাগড়াছড়ির রামগড় থানার গুইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে রাসেলের সঙ্গে মুক্তার পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে মুক্তা রাসেলকে তালাক দেন। তবে বিষয়টি মেনে নিতে পারেননি রাসেল। তিনি আবারও মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন। এর মধ্যে চলতি বছরের অক্টোবর মাসে সেলিমকে বিয়ে করেন মুক্তা। বিষয়টি জানার পর রাসেল মুক্তাদের বাড়িতে যাতায়াত বাড়িয়ে দেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর রাসেলের মোবাইল ফোনে কল করে তাকে নিজেদের বাড়িতে আসতে বলেন মুক্তা। ফোন পেয়ে রাত ১০টার দিকে সেখানে যান রাসেল। পরে বিভিন্ন বিষয় নিয়ে মুক্তার সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অন্য আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন মুক্তা। এরপর ঘটনা ধামাচাপা দিতে তার মরদেহ কম্বলে মুড়িয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় হত্যামামলা করেন।
র্যাব জানায়, মামলার ভিত্তিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে গ্রেপ্তার করা হয়। পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার তিনজনকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।




