বালিয়াডাঙ্গী সীমান্তে দুই চিতাবাঘের দেখা, আতঙ্কে গ্রামবাসী

সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সীমান্তবর্তী নাগর নদীর ওপারে দুটি চিতাবাঘের উপস্থিতি দেখা গেছে। এতে সীমান্তবর্তী গ্রামগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন নাগর নদীর তীরে বাঘ দুটি দেখতে পায়। এ সময় সে মোবাইল ফোনে বাঘ দুটির ছবি ধারণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘ দুটি বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় বিচরণ করছিল। পরে সেগুলোকে পার্শ্ববর্তী একটি চা-বাগানের ভেতরে ঢুকে যেতে দেখা যায়। নাগর নদী ভারত ও বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করায় বাঘ দুটি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বিশেষ করে কৃষকরা ফসলের মাঠে যেতে ভয় পাচ্ছেন। চা-বাগানের ঝোপঝাড়ে বাঘ দুটি লুকিয়ে থাকায় সেগুলোর অবস্থান শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। এতে গৃহপালিত পশু ও মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘ দুটি ভারতের সীমান্তের ভেতরে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের ওপারে অবস্থান করছে। তাই আতঙ্কিত হওয়ার তেমন কারণ নেই। তবে সীমান্তবাসীকে সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।




