পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার পাকশী রেলওয়ে স্টেশনের কাছে।
স্থানীয়দের ভাষ্য, ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন পাকশী রেলস্টেশন অতিক্রম করার সময় মজনু হোসেন রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মারা যান ঘটনাস্থলেই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।