আ.লীগের মাইকিং প্রতিরোধের চিন্তা বিএনপি-জামায়াতের

গোপালগঞ্জে মাইকিং করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা
টানা সহিংসতার পর দুদিন শান্ত ছিল গোপালগঞ্জ। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই দানা বাঁধছে নতুন শঙ্কা। আবার ছড়িয়ে পড়ছে উত্তেজনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা গতকাল শনিবার মাইকিং করে আবার আন্দোলনের ডাক দেওয়ায় নড়েচড়ে বসছেন ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। উদ্ভূত অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে সদস্য বাড়াচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। জেলায় শুধু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করছে ২৯ প্লাটুন সদস্য।
গতকাল জেলা শহরসহ বিভিন্ন স্থানে মাইকিং করে আবার আন্দোলনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর অংশ হিসেবে বিক্ষোভ ও লকডাউন কর্মসূচি পালনে স্থানীয়দের আহ্বান জানিয়ে করা হয়েছে মাইকিং। এ ছাড়া স্থানীয়দের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার একাধিক নেতা আগামীর সময়কে জানিয়েছেন, আজ রবিবার তারা বিক্ষোভ মিছিল করবেন। এ ছাড়া আগামী ২৭ ও ২৮ নভেম্বর মশাল মিছিল এবং ২৯ ও ৩০ নভেম্বর আবার লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান বললেন, লকডাউন ও বিক্ষোভ শুধু গোপালগঞ্জকেন্দ্রিক নয়, সারা দেশেই চলছে। তবে এখানে আওয়ামী লীগের সংখ্যা বেশি হওয়ায় এবং প্রশাসনের যথাযথ মোকাবিলার অভাবে তারা কিছুটা উৎসাহিত হয়েছে। তবে এসব সহ্য করবে না জনগণ।
অন্যদিকে জামায়াতের জেলা প্রচার সেক্রেটারি কাজী ইজহারুল ইসলামের ভাষ্য, তাদেরও কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাট জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। দলীয় নির্দেশনা পেলেই নেওয়া হবে প্রতিরোধের সিদ্ধান্ত।
২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগরীসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় বিজিবি দায়িত্ব পালন করছে এবং আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা
গতকাল সরেজমিন টুঙ্গিপাড়া থানায় গিয়ে দেখা যায়, সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে পুরো থানা কমপ্লেক্সটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিচতলা থেকে শুরু করে দোতলার পুলিশ ব্যারাক পর্যন্ত আগুনে প্রায় সবকিছুই পুড়ে গেছে। থানা চত্বরে পুলিশের একটি পিকআপ ভ্যানের পোড়া কঙ্কাল পড়ে থাকতে দেখা গেছে।
ভবনের নিচতলার ডিউটি অফিসারের কক্ষ, দাপ্তরিক কক্ষ এবং স্টোর রুমে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। স্টোর রুমে থাকা মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র, রেজিস্টার খাতা ও কম্পিউটার সামগ্রী পুড়ে গেছে। আগুনের তাপে ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। দোতলার আবাসিক ব্যারাকে পুলিশ সদস্যদের খাট, বিছানাপত্র ও ব্যক্তিগত মালামাল পুড়ে গেছে এবং জানালার গ্রিল বেঁকে গেছে। টুঙ্গিপাড়া থানার ওসি এমরানুল কবির জানালেন, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থানার দাপ্তরিক কার্যক্রম বন্ধ। থানার সব নথিপত্র পুড়ে গেছে এবং পুলিশের অস্ত্র লুট হয়েছে। লুট হওয়া কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও এর সঠিক তালিকা এখনো প্রস্তুত করা যায়নি।



