ভাঙ্গায় সহিংসতায় কৃষক দল নেতা নিহত, মহাসড়কে আগুন

নিহত রাজু মোল্লা
ফরিদপুরের ভাঙ্গায় সহিংসতায় রাজু মোল্লা নামে উপজেলা কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় মহাসড়কে অগ্নিসংযোগ ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন কয়েকজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে একদল আন্দোলনকারী মহাসড়কে অবস্থান নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিএনপির নেতাকর্মীরাও সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন। প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে নিহত রাজু মোল্লার মৃত্যুর কারণ ও সহিংসতার সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। আহত ব্যক্তিদের পরিচয়ও পাওয়া যায়নি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম মামুন জানান, কয়েকজন পথচারী এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। প্রথমে তার পরিচয় জানা যায়নি। পরে পরিচয় নিশ্চিত হয়ে জানা যায়, তার নাম রাজু মোল্লা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।




