খুলনায় ক্লিনিক লক্ষ্য করে গুলি-ভাঙচুর

সন্ধানী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স। সংগৃহীত ছবি
খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি করে ক্লিনিকের সামনের অংশ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে নগরীর বাবুখান রোডে অবস্থিত ক্লিনিকটির বিপরীত দিক থেকে দুর্বৃত্তরা প্রথমে গুলি ছোড়ে। পরে ক্লিনিকের সামনের অংশ ভাঙচুর করা হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর ওই ক্লিনিকের রোগী ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে সন্ধানী ক্লিনিকের বিপরীত দিক দিয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ক্লিনিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। হঠাৎ গুলির শব্দে চারপাশের লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ক্লিনিকের সামনের অংশ ভাঙচুর করে চলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, কারা, কী উদ্দেশ্যে এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।




