কুমিল্লা
একই নারীর সঙ্গে প্রেম মামা-ভাগনের, দ্বন্দ্বে প্রাণ গেল মামার

ছবি: আগামীর সময়
কুমিল্লার বাঙ্গরা বাজারে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে মামা মাসুদ মিয়াকে (৪০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগনে মিলন মিয়া ওরফে শিপন মিয়ার (২৩) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১০টার দিকে জেলার বাঙ্গরা বাজার থানার কোড়েরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আজ রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কুটি গঙ্গানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত মাসুদ মিয়া কোড়েরপাড় গ্রামের মৃত হাসন আলীর ছেলে। তিনি গ্রামে ভাঙারির ব্যবসা করতেন। অভিযুক্ত শিপন মিয়া পাশের কুরবানপুর গ্রামের আনিস মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মাসুদের স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি নিজের ভাঙারির দোকানেই রাত কাটাতেন। একপর্যায়ে শ্রীকাইল ইউনিয়নের শাহেদাগোপ গ্রামের এক বিধবা নারীর সঙ্গে মোবাইল ফোনে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারীর সঙ্গে শিপনও সম্পর্কে জড়িয়ে পড়েন বলে স্থানীয় সূত্রের দাবি। এ নিয়ে মামা-ভাগনের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে শিপনকে মারধরও করেন মাসুদ।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে মাসুদ তার দোকানের পাশের একটি মুদি দোকানে যান। এ সময় শিপন তাকে সেখান থেকে ডেকে কিছু দূরে নিয়ে যান। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। দুজনের ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শিপন পালিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।
এদিকে, হত্যাকাণ্ডে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার সকালে এলাকায় বিক্ষোভ করেন গ্রামবাসী। তারা শিপনকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম রবিবার বিকেলে আগামীর সময়কে বলেন, মামা-ভাগনের মধ্যে প্রেমসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের বোন সুফিয়া খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কুটি গঙ্গানগর এলাকা থেকে অভিযুক্ত শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে।




