বরিশালে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

বরিশালে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও দুই শিশুর। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুরা হলো, পটুয়াখালীর দুমকি উপজেলার সোহাগ খানের দুই বছরের ছেলে জিহাদ ও ভোলার চরফ্যাশনের মো. হাসানের সাত মাসের মেয়ে হাবিবা।
এর মধ্যে জিহাদ ভর্তির দিনই মারা গেছে এবং হাবিবা ছয় দিন চিকিৎসাধীন ছিল হাসপাতালে।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের প্রশাসনিক শাখা জানিয়েছে, এ পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেছেন, হাম থেকে মারাত্মক ধরনের নিউমোনিয়া হওয়ায় মৃত্যু হয়েছে শিশু দুটির। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ২৮৬ জন। গত ২৪ ঘণ্টায় এখানে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয় ৫২ জন। এর মধ্যে চিকিৎসাধীন ১৯৮ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ লোকমান হাকিম জানালেন, পুরো বিভাগে এ পর্যন্ত হাম উপসর্গে ৩৪ শিশুর মৃত্যু হয় এবং হামে মারা যায় ৩টি শিশু।
তিনি জানালেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হামের উপসর্গ পাওয়া গেছে ১৪৭ জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয় ১৪০ জন। বরিশাল বিভাগে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৫ হাজার ৯৫০ জন। এদের মধ্যে হাম শনাক্ত হয় ১৭৫ জনের।




