রংপুরের ধর্মসভা মন্দিরে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী, কুশল বিনিময়

রংপুর নগরীর ধর্মসভা মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: আগামীর সময়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে রংপুর নগরীর ধর্মসভা মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপে পৌঁছে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এর আগে সৈয়দপুর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। যাত্রাপথে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় দুটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রংপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর হয়ে বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।



