অ্যাম্বুলেন্সে সিলিন্ডার থেকে আগুনে দগ্ধ চালক, পুড়ল ৯ মোটরসাইকেল

বাগেরহাট জেলা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে আগুন। ছবি: আগামীর সময়
বাগেরহাট জেলা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লেগেছে আগুন। দগ্ধ হয়েছেন এর চালক ফরিদুল ইসলাম (৫৫)। আগুনে অ্যাম্বুলেন্সের পাশে থাকা ৯টি মোটরসাইকেল পুড়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরনো ভবনের সামনে এ ঘটনা ঘটেছে। ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার এসব নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানালেন, বেসরকারি অ্যাম্বুলেন্সটি রোগী নিতে দুপুরে হাসপাতালের বহির্বিভাগের সামনে আসে। হঠাৎ অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই ধরে যায় আগুন। দগ্ধ অবস্থায় বের হয়ে সামনের পুকুরে ঝাঁপ দেন অ্যাম্বুলেন্সচালক ফরিদুল। পরে তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ঢাকায়।
আগুনের ঘটনায় বহির্বিভাগে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোঁয়ায় ভেতর থেকে হুড়োহুড়ি করে বের হয়ে আসেন রোগী, স্বজনসহ অন্যরা। বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধাঘণ্টায় আগুন নেভায়।
খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত উদ্বেগজনক— জানালেন ডিসি। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হবে বলেও জানালেন তিনি।
বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বললেন, ‘ভবিষ্যতে হাসপাতাল এলাকায় এ ধরনের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’




