লালমনিরহাট
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির আনন্দ মিছিল

ছবি: আগামীর সময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাটে আগমন ঘিরে প্রত্যন্ত অঞ্চলে আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
আজ শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ও কালীগঞ্জ উপজেলার চাপারহাটে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে আনন্দ মিছিলটি ভেলাবাড়ি বাজারের সড়ক প্রদক্ষিণ করে। এরপর কালীগঞ্জ উপজেলার চাপারহাটেও মিছিল করে বিএনপি।
জানা গেছে, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট সফর করবেন তারেক রহমান। তার সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে বিএনপি নেতাকর্মীরা। প্রতিদিন বিভিন্ন গ্রাম ও শহরে আনন্দ মিছিল করছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে ভেলাবাড়ি ও চাপারহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে লালমনিরহাটের মানুষ। প্রধানমন্ত্রীর লালমনিরহাটের অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হবে।
আনন্দ মিছিলের আগে বিকালে একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সাংকারচওড়া মাঠে সাংকারচওড়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, খেলাধুলা শরীর ও মনকে বিকশিত করে। একই সঙ্গে ক্রীড়া মানুষকে সব ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। তাই বিএনপি সরকার ক্রীড়ার উন্নতিকল্পে প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম ও উপজেলা পর্যায়ে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ার করার কাজ শুরু করেছে। বর্তমান সরকার আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতেও কাজ করছে।
খেলার মাঠে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস, পলাশী ইউনিয়ন বিএনপি সভাপতি হামিদুর রহমান, মহিষখোচা ইউনিয়ন বিএনপি সভাপতি দুলাল মিয়া, ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া রিপন প্রমুখ।



