রৌমারী
সড়ক দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই অবৈধ নসিমনের (ভটভটি) ধাক্কায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ফেরদৌস আলী (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা খালিদ হাসান (৩৮) আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফেরদৌস আলী চিলমারীর নয়ারহাট গ্রামীণ ব্যাংক শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার চারমাথা এলাকায়।
স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেল চালানোর সময় ফেরদৌস আলীর সামনে হঠাৎ একটি বাছুর চলে আসে। এ সময় তিনি ব্রেক করলে পেছনে থাকা গরুবোঝাই নসিমনটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর নসিমনের চালক কৌশলে পালিয়ে যান।
রৌমারী থানার ওসি কাউসার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ রৌমারী হাসপাতালে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় পরিবার মামলা না করলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




