বগুড়া
হঠাৎ বৃষ্টিতে কৃষকের স্বপ্নভঙ্গ

ছবিগুলো মোকামতলা উপজেলা চকপাড়া এলাকা থেকে আজ রবিবার দুপুরে তোলা। ছবি: আগামীর সময়
আকভানের কারণে সৃষ্ট লঘুচাপে টানা বৃষ্টিপাতে বগুড়ায় প্রায় ১ হাজার ৫৪১ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু ধানের জমি আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ হেক্টর। সবে ঘরে তুলবে এমন সময় এই বৃষ্টিতে ফসল ডোবায় কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ২ লাখ ১ হাজার ৯০৬ হেক্টর জমিতে রোপা আমন, সবজি, মরিচ, কলা, আলু, সরিষা, ভুট্টা ও অন্যান্য জাতীয় ফসলের আবাদ হয়।
বৃষ্টিপাতের প্রভাবে ১ হাজার ৫৪১ হেক্টর জমির ফসল। এর মধ্যে ১১৪৫ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। সবজির জমি ৫২, মরিচের ১০, আলুর ১০৫, সরিষার ২১৩, ভূট্টার ৩ এবং অন্যান্য ফসলের ১৩ হেক্টর জমি আক্রান্তের তথ্য পাওয়া গেছে। বগুড়া সদর, শাজাহানপুর, শেরপুর, ধুনট, দুপচাঁচিয়া ও কাহালু উপজেলায় কোনো ফসল আক্রান্ত হয়নি এবং কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হননি।
কৃষি বিভাগ বলছে, জেলার সারিয়াকান্দিতে সবচেয়ে বেশি কৃষি জমি আক্রান্ত হয়েছে এই বৃষ্টিতে। উপজেলায় আবাদকৃত ১৩ হাজার ৪১০ হেক্টর রোপা আমনের মধ্যে আক্রান্ত জমি ৭৫০ হেক্টর। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৩ হাজার ৭৫০ জন। সরিষা আবাদকৃত জমি ১,৬৫০ হেক্টর, আক্রান্ত জমি ১০ হেক্টর এবং ক্ষতিগ্রস্ত কৃষক ১০০ জন।
তবে কৃষকের তথ্য মতে এই ক্ষতির পরিমাণ আরও বেশি হবে। উপজেলার কর্নিবাড়ি ইউনিয়নের কৃষক আয়েন উদ্দিনের কাছে খোঁজ নিয়ে জানা যায়, তার ৩ বিঘা জমির ধান এবং ৪ বিঘা জমির মরিচ বৃষ্টিতে আক্রান্ত। তার জমির তিন ভাগের এক ভাগ ধান নষ্ট হবে। মরিচ গাছে পচন ধরার উপক্রম হয়েছে।
আয়েন উদ্দিন জানালেন, জমির ধান শুধু কাটা শুরু করছি। আর তারপরই বৃষ্টি। এখন তো ধানের আবাদ খরচ বেশি। সেই তুলনায় লাভ নাই বললেই চলে। এ কারণে বৃষ্টিতে যা নষ্ট হবে সেটাই ঘাটতি। আবার তিন বিঘায় খড় বিক্রি হতো ১০ হাজার টাকার। কিন্তু এবার এই টাকাও পাব না।
শাজাহানপুরের বামুনিয়া গ্রামের মিজানুর রহমান জানালেন, আমার চার বিঘা জমির ধান কাটার উপযুক্ত সময় হতেই বৃষ্টিতে আক্রান্ত হলো। সব ধান পানি পেয়েছে। এই ধান আর বিক্রি করতে পারব কি না, সন্দেহ আছে।
শিবগঞ্জের চণ্ডিহারা এলাকার শিক্ষক ও কৃষক ফেরদৌসের চার বিঘা জমিতে ধান করেছিলেন। এর এক বিঘাই পানিতে ডুবে আছে। এ ধানগুলো কাজে লাগানোর উপায় নেই বললেন তিনি।
ফেরদৌসের আক্ষেপ, কিছুদিন আগে রাতের ঝড়ো বাতাসে ২০ শতকের কলারবাগান সম্পূর্ণ নষ্ট হলো। এবার গেল ধান। ধানের খড় বেচারও কোনো উপায় নেই। এই এলাকার অনেক কৃষক জমি থেকে কোনো টাকাই তুলতে পারবে না বলে দাবি তার।
কৃষি বিভাগের তথ্য বলছে, শিবগঞ্জ উপজেলায় আক্রান্ত জমি ১৮৪ হেক্টর এবং ক্ষতিগ্রস্ত কৃষক ১ হাজার ৬৭ জন।
গাবতলী উপজেলায় আক্রান্ত জমি ৪২৬ হেক্টর এবং ক্ষতিগ্রস্ত কৃষক ২ হাজার ৪১৯ জন। আদমদিঘী উপজেলায় আক্রান্ত জমি ১৩৬ হেক্টর এবং ক্ষতিগ্রস্ত কৃষক ৮৭৫ জন। নন্দীগ্রাম উপজেলায় আক্রান্ত জমি ৫ হেক্টর এবং ক্ষতিগ্রস্ত কৃষক ৩৫ জন।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শষ্য) মাহফুজ আলম জানিয়েছেন, আবাদ অনুযায়ী আক্রান্তের পরিমাণ বেশি বলা যাবে না। তবে আকস্মিক এই বৃষ্টিপাতে কেটে রাখা ধানের গুণগত মান কমে যেতে পারে। আক্রান্ত হওয়া সরিষার অঙ্কুরোদগমে সমস্যা হতে পারে। যারা আলু রোপণ করেছেন, সেগুলোয় পচন দেখা দিতে পারে। বৃষ্টি আর না হলে ক্ষতির শঙ্কাও কমে যাবে বলে আশা করছি।




