চাঁদপুর
রড ভর্তি ট্রাকে লুকানো ছিল ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২ কারবারি

ছবি: আগামীর সময়
চাঁদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও ট্রাকে থাকা ১৩ টন রড জব্দ করা হয়েছে। জব্দ করা ট্রাক ও রডের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।
আজ রবিবার বিকালে চাঁদপুর পুলিশের মিডিয়া সেলে পাঠানো তথ্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর।
এর আগে সকালে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেছ বাজার মোড়ে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামাল হোসেন (৪২) ও নিজাম উদ্দিন (৩০)। তাদের দুজনের স্থায়ী বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। তারা চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় পৃথক স্থানে বসবাস করতেন।
পুলিশ জানায়, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার ওসি ফয়েজ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারলেছ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ট্রাকটিতে তল্লাশি করে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ট্রাক ও এর ভেতরে থাকা ১৩ টন রড জব্দ করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার ওসি ফয়েজ আহম্মেদ জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




