আড়াইহাজার
স্ত্রীর গলাকেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পুলিশের সঙ্গে আসামি মোবারক হোসেন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ রবিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাহিদ নিয়াজী।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী উপজেলার খাদিমার চর এলাকার প্রয়াত আব্দুল খালেকের ছেলে।
মামলার নথির বরাত দিয়ে আব্দুস সামাদ বলেন, ২০১৯ সালের ৯ অক্টোবর আড়াইহাজারে নিজ বাসায় খুন হন সালেহা বেগম। তিনি উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেন আলীর মেয়ে। হত্যাকাণ্ডের কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি।
এ ঘটনায় সালেহার বাবা হাসেন আলী তার স্বামী মোবারক হোসেনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। ২০২০ সালের ১ এপ্রিল তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



