টেকনাফে অস্ত্র-গুলিসহ ‘গফুর ডাকাত’ আটক

ছবি: আগামীর সময়
কক্সবাজারের টেকনাফে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ আব্দুল গফুর (৪৪) নামে এক দুর্ধর্ষ ডাকাত নেতাকে আটক করেছে র্যাব।
র্যাব বলছে, তিনি টেকনাফের আলোচিত ‘গফুর ডাকাত দল’র মূল হোতা এবং দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি ও মাদক চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।
রবিবার (২৪ মে) দিবাগত রাত ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) এলাকায় এ অভিযান চালায় র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদে কুখ্যাত ডাকাত আব্দুল গফুর তার বসতঘরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে অবস্থান করছেন বলে তারা জানতে পারে। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে গফুর পালানোর চেষ্টা করেন। তবে র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), এক রাউন্ড রাইফেলের গুলি এবং একটি বড় লোহার কিরিচ উদ্ধার করা হয়।
আটক আব্দুল গফুর টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।
র্যাবের দাবি, গফুর একটি মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া গুরুতর আঘাত ও হত্যা চেষ্টা মামলার চার্জশিটও তার নাম রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে দাবি র্যাবের।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আ ম ফারুক নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া অস্ত্র-গুলি ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।






