স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৫১ বেডের নতুন হাসপাতাল হবে ৫০৩ উপজেলায়

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ছবি : আগামীর সময়
দেশের ৫০৩ উপজেলায় নতুন করে ১৫১ বেডের হাসপাতাল তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ সময় বলেন, আমাদের দেশে যারা প্রান্তিক মানুষ আছেন, যারা গ্রামে থাকেন তারা যেন স্বাস্থ্যসেবা তাদের উপজেলা থেকেই পান এ কারণে এই উদ্যোগ নেবে সরকার। এতে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন বলেও মন্তব্য করেন তিনি।
বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য উত্তরাধিকার সূত্রে বেহাল দশা পেয়েছি মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আমরা সারা বাংলাদেশে একই চিত্র দেখতে পাচ্ছি। জনবল সংকট, যন্ত্রপাতি সব নষ্ট হয়ে আছে, যেখানে যন্ত্রপাতি আছে কিন্তু চালানোর মানুষ নেই। অনেক জায়গায় মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে কিন্তু কোনো ক্যাম্পাস তৈরি করা হয়নি। এই যে উন্নয়নের নামে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে তা ঠিক করতে হলে পরিকল্পিত কার্যপ্রণালী দরকার।
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




