৩০ দিন ধরে জ্বলছে আগুন, বন্ধে বাপেক্সের অভিযান
- দেশীয় প্রযুক্তিতে আগুন নিয়ন্ত্রণের উদ্যোগ
- সম্ভাব্য গ্যাসক্ষেত্রের সন্ধানে জরিপ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে পরিত্যক্ত নলকূপ থেকে বের হওয়া গ্যাসের আগুন টানা ৩০ দিন ধরে জ্বলছে। দীর্ঘ প্রস্তুতি ও কারিগরি পরীক্ষা শেষে এবার সেই আগুন নিয়ন্ত্রণে এনে কূপের মুখ স্থায়ীভাবে বন্ধ করতে চূড়ান্ত অভিযান শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
আজ বৃহস্পতিবার সকালে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালানো হলেও ৭ মিনিটের মধ্যেই আবার আগুন জ্বলে ওঠে। পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে কেসিং, ড্রিলিং পাইপসহ প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের কাজ শেষ করে বিকালের পর নতুন কৌশলে অভিযান শুরুর প্রস্তুতি নেয় বাপেক্সের কারিগরি দল।
বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা মো. রকিবুল হাসান বলেছেন, ‘প্রথমে আগুনের তীব্রতা ও গ্যাসের চাপ নিয়ন্ত্রণে আনা হবে। এরপর পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ ও বিশেষ কেমিকেল ব্যবহার করে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। চাপ কমে এলে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করা হবে।’
বাপেক্সের প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান জানিয়েছেন, প্রথম পর্যায়ে ৩০ ইঞ্চি ব্যাসের একটি পাইপ বসানো হবে। এর ভেতর দিয়ে ড্রিলিং করে প্রায় ১ হাজার ফুট গভীরে গিয়ে মাড সার্কুলেশনের মাধ্যমে কূপ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। এরপর সিমেন্টিং ইউনিটের মাধ্যমে কূপের ভেতরের শূন্যস্থান পূরণ করে মুখ স্থায়ীভাবে বন্ধ করা হবে।
বাপেক্স কর্মকর্তাদের ধারণা, ভূগর্ভে গ্যাসের চাপ প্রায় ৪০০ পিএসআই হতে পারে। এ কারণে গ্যাসের প্রবাহ ঠেকাতে প্রায় ৬০০ পিএসআই ওভারব্যালেন্স চাপ প্রয়োগের পরিকল্পনা রয়েছে।
আনিছুর রহমানের ভাষ্য, ইনানীর এই আগুন নিয়ন্ত্রণে বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে খরচ হতে পারত ১০০ থেকে ১৫০ কোটি টাকা। সেখানে দেশীয় প্রযুক্তি ও জনবল ব্যবহার করে অভিযান সফল হলে ব্যয় নেমে আসবে মাত্র ১ থেকে ২ কোটি টাকায়। অভিযান পরিচালনায় গত ১৩ দিন ধরে ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে ৫৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের দল কাজ করছে। দিনে প্রায় ১৯ ঘণ্টা পর্যন্ত তারা নিরবচ্ছিন্নভাবে কারিগরি প্রস্তুতি চালিয়েছেন।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানালেন, ঘটনার সূত্রপাত গত ২৭ অক্টোবর। ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় একটি ভাড়াবাসার পাশে প্রায় ১ হাজার ফুট গভীর নলকূপ খনন করেও পানি না পাওয়ায় সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর কয়েকদিন পর ওই নলকূপ থেকে প্রথমে পানি এবং পরে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়।
শুরুতে ঘটনাটিকে ভূগর্ভের সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ হিসেবে বিবেচনা করে প্রায় ১৫ দিন পর্যবেক্ষণে রাখে বাপেক্স। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও আগুন না নেভায় গ্যাসের চাপ ও তাপমাত্রা পরীক্ষা করেন বিশেষজ্ঞরা। তখন ভূগর্ভে বড় ধরনের গ্যাসের উপস্থিতি কিংবা সম্ভাব্য গ্যাসক্ষেত্র থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আসে।
তিনি বলেছেন, ‘আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি এবার ওই এলাকায় গ্যাসের মজুদ অনুসন্ধানেও কাজ শুরু করছে বাপেক্স। বৃহস্পতিবারই একটি জরিপ দল ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে ইনানী ও আশপাশের দুই থেকে তিন কিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ চালানোর পরিকল্পনা রয়েছে। এরপর জিওলজিক্যাল ও টু-ডি সার্ভের মাধ্যমে ভূগর্ভের গ্যাসের অবস্থান, বিস্তৃতি ও সম্ভাব্য মজুত সম্পর্কে ধারণা নেওয়া হবে।’
বাপেক্সের কর্মকর্তারা বলছেন, জরিপের ফলাফলের ওপরই নির্ভর করবে ইনানীতে প্রকৃতপক্ষে বড় কোনো গ্যাসক্ষেত্র রয়েছে কি না। সম্ভাবনা নিশ্চিত হলে পরবর্তী ধাপে কোথায় অনুসন্ধান কূপ খনন করা হবে এবং বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সুযোগ আছে কি না, সেটিও নির্ধারণ করা হবে।
তাদের দাবি, এখন পর্যন্ত ইনানীতে গ্যাসক্ষেত্র থাকার বিষয়টি নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের অনুসন্ধান ও পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার ফলেই এর প্রকৃত মজুদ ও বাণিজ্যিক সম্ভাবনা স্পষ্ট হবে।




