সিদ্ধার্থ দাস ও মুগ্ধের বিরুদ্ধে অভিযোগপত্র
চুরির পরিকল্পনা থেকে গণপতি চক্রবর্তীর পরিবারের চারজনকে হত্যা

ছবি: আগামীর সময়
রংপুরে আলোচিত অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান দুই আসামি। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তারা। তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। এ ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা দুই আসামি হলেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।
পুলিশ কমিশনার বলেন, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণসহ অন্যান্য তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে মিলেছে।
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার সনাতন চক্রবর্তী হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, রংপুর জিলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী অবসরে যাওয়ায় বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য জেনেই দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।
ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটিও হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করেন। এ সময় ইয়াবা সেবন করেন তারা। একপর্যায়ে ছাদের ওপর শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাদের দেখে ফেলেন। তখন তাকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তী। পুলিশের দাবি, দুই আসামি তাদেরও হত্যা করেন। আগামীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়। এরপর বাড়ির ভেতরে থাকা ১২ বছর বয়সী ছেলে প্রিয়ম চক্রবর্তীকেও হত্যা করা হয়।
উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএর মিল পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় আছে।
মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদে মাদক সেবনে বাধা দেওয়ায় ওই পরিবারের চারজনকে একে একে হত্যা করা হয় বলে তখন জানিয়েছিল পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন।



