টেকনাফে লকডাউনের সমর্থনে আ.লীগের ঝটিকা মিছিল

সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে লকডাউনের সমর্থনে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভার আওলিয়াবাদ এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টেকনাফ পৌর আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিলে সামনে ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রেজাউল করিম মানিক। তার সঙ্গে আরও কয়েকজন নেতা-কর্মী মিছিলে অংশ নেন।
মিছিলটি পৌরসভার শাপলা চত্বর ও জিরো পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় সড়ক হয়ে আবার আওলিয়াবাদ এলাকায় ফিরে যায়।
মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, আব্দুর রহমান বদি ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বাংলাদেশ হাসবে’—এমন বিভিন্ন স্লোগান দিতে ৃশোনা যায়।
রাতের আঁধারে আকস্মিকভাবে বের হওয়া মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
মিছিলের পর সতর্কতামূলক অবস্থান নেয় পুলিশ। টেকনাফ থানার পুলিশের একটি দল পৌরসভার শাপলা চত্বরে অবস্থান নেয়।
তবে মিছিলের আয়োজক ও অংশগ্রহণকারীদের সংখ্যা এবং এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



