মহেশখালীতে নৌকাভর্তি চোরাই গর্জন কাঠ জব্দ
কক্সবাজার প্রতিনিধি

ছবি: আগামীর সময়
কক্সবাজারের মহেশখালীতে নদীপথে পাচারের সময় বিপুল পরিমাণ চোরাই গর্জন কাঠসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বন বিভাগ। জব্দ করা কাঠের পরিমাণ ৩৭ দশমিক ৩০ ঘনফুট।
গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে মহেশখালী থেকে পাচারকালে শাপলাপুর নদী এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এতে শাপলাপুর বিট কর্মকর্তা মিল্টন চন্দ্র সরকারসহ বন বিভাগের সদস্যরা অংশ নেন।
বন বিভাগ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শাপলাপুর নদীতে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা নদীপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এমন একটি মিনি ইঞ্জিনচালিত বোট আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ১৪ টুকরা গর্জন কাঠ পাওয়া যায়। জব্দ করা কাঠের আনুমানিক পরিমাণ ৩৭ দশমিক ৩০ ঘনফুট। তবে অভিযানের সময় কাঠ পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা কাঠ ও নৌকা বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির।




