বাউবির পরীক্ষায় অসদুপায়, ৫৯ শিক্ষার্থীকে শাস্তি

সংগৃহীত ছবি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার দায়ে দুই শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির ৫৬তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, অ্যাডভোকেট মো. কামাল হোসেন তালুকদার এবং কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাউবির তথ্য ও জনসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক জাহাঙ্গীর হোসেন পাইক।



