পদত্যাগ করেও রক্ষা হলো না, সাবেক আ.লীগ নেতা বাবর গ্রেপ্তার

কায়সার ওয়াদুদ বাবর
সরকার পরিবর্তনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করেও শেষ রক্ষা হলো না কায়সার ওয়াদুদ বাবরের। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মল্লিকপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কায়সার ওয়াদুদ বাবর (৪৯) বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। তিনি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানা এলাকায় নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানালেন ওসি।




