সাভারে পার্কিং করে রাখা বাসে আগুন

ছবি: আগামীর সময়
ঢাকার সাভারে পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তেঁতুলঝড়া ইউনিয়নের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানালেন, শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারগামী লেনে জোরপুল এলাকায় লাব্বাইক পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। দুপুর দেড়টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখে পথচারীরা সাভার ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বললেন, পার্কিং করে রাখা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।



