কুমিল্লায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুল
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী একটি মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই দিন বিকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রাতে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
দলীয় সূত্র জানায়, ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটির সভাপতি ছিলেন টুটুল। তিনি সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন টুটুল। সম্প্রতি তিনি এলাকায় ফিরে দলকে সংগঠিত করার কাজ করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
তবে টুটুলের পরিবারের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আগামী মাসে তার জাপান যাওয়ার কথা ছিল।
শনিবার রাতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘টুটুলের বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা না থাকলেও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী একটি মামলায় শনিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’



