সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ট্যাংকে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলবাহী একটি ট্যাংক লরির ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তাকে উদ্ধার করতে গিয়ে অচেতন হয়ে পড়েন ম্যানেজার ফারুক (৪২)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল রবিবার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার সাউদ বাড়িসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।
রাতুল এলাকার আমিজউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া কুদ্দুস আলীর ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী ট্যাংকলরিতে সহকারী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, ট্যাংক পরীক্ষা করতে ভেতরে ঢুকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন রাতুল। তাকে উদ্ধারের জন্য ফারুক ট্যাংকের ভেতরে ঢুকলে তিনিও অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।



