চালু পাবনা-ঢাকা সরাসরি ট্রেন
দ্বিতীয় পদ্মা সেতু ও নতুন ৪০০ কোচের আশ্বাস রেলমন্ত্রীর

ছবি: আগামীর সময়
পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি ও অবহেলার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি আন্তঃনগর রেলপথে যুক্ত হলো পাবনা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে ‘পাবনা-ঢাকা-পাবনা’ সরাসরি রেল যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, পাবনা দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দেবে। নির্বাচিত সরকার হিসেবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের আস্থার মূল্য দেবে। পাবনাবাসীর দাবিগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।
উত্তরাঞ্চলের রেলসেবা আধুনিকায়ন ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, শুধু পাবনা নয়, উত্তরাঞ্চলসহ সারা দেশে আধুনিক রেলসেবা নিশ্চিত করতে আরও ৪০০টি নতুন কোচ আমদানি করা হবে। এ ছাড়া দ্বিতীয় পদ্মা সেতুর দীর্ঘদিনের দাবির বিষয়েও সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ওয়াই-টাইপ সেতু দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
নতুন ট্রেনে নিজেও ঢাকায় ভ্রমণ করবেন জানিয়ে রেলমন্ত্রী বলেন, জনগণ তারেক রহমানের ওপর যে আস্থা রেখেছেন তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, রেল যোগাযোগ নিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়েছে। পাবনাকে যুক্ত করে পদ্মা ব্যারাজ নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়িত হলে পাবনার অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়বে।
তিনি আরও বলেন, শহরের যানজট নিরসনে প্রধান সড়ক চার লেনে উন্নীত করা, ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং আইটি পার্ক স্থাপনসহ নির্বাচনের আগে দেওয়া ২৪টি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদী।
স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও পাবনা থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবি এতদিন পূরণ হয়নি। দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই পাবনা রেলওয়ে স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সকাল ১১টার দিকে ঈশ্বরদীর বিভাগীয় অফিস থেকে রঙিন সাজে সজ্জিত ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ স্টেশনে পৌঁছালে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।
সরাসরি ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহান বলেন, ছোটবেলা থেকেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের কথা শুনে আসছেন। ৫২ বছর পর এই স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় ইতিহাসের সাক্ষী হতে তিনিও ট্রেনে ঢাকায় যাবেন।
স্থানীয় বাসিন্দা আসাদ ও আব্দুর রহমান বলেন, সরাসরি ট্রেন চালু হওয়ায় চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের কাজে ঢাকায় যাতায়াত সহজ হবে। পাশাপাশি সময় ও খরচও কমবে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ভারত থেকে আমদানি করা ১২টি নতুন কোচ দিয়ে ট্রেন দুটি সাজানো হয়েছে। উদ্বোধনের পর আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) থেকে এক জোড়া আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে।



