২০ বছর আগে হাতির আক্রমণে বাবা-মা-নানা হারান, এবার আহত সাহাব হাসপাতালে
- ২০ বছর আগে হাতির আক্রমণে বাবা-মা-নানা হারান, এবার আহত সাহাব হাসপাতালে

আহত মো. সাহাব উদ্দিন
শৈশবে বন্য হাতির আক্রমণে বাবা-মা ও নানাকে হারিয়েছিলেন মো. সাহাব উদ্দিন (২৫)। ওই আক্রমণে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও প্রায় ২০ বছর পর আবারও বন্য হাতির আক্রমণের শিকার হয়েছেন তিনি। এবার হাতির শুঁড়ের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত সাহাব উদ্দিনকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে সাহাব উদ্দিন।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে আমুচিয়া এলাকায় প্রায় ১৪টি ছোট-বড় হাতির একটি পাল লোকালয়ে প্রবেশ করে। হাতির পাল তাড়াতে স্থানীয় লোকজন জড়ো হন। তাদের সঙ্গে সাহাব উদ্দিনও হাতিগুলোর পিছু নেন। এ সময় একটি হাতি দলছুট হয়ে পেছন থেকে তার দিকে তেড়ে আসে। প্রাণ বাঁচাতে গিয়ে তিনি সড়কে পড়ে যান। পরে হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে দূরে ছুড়ে মারে। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আবু জাফর জানিয়েছেন, প্রায় ২০ বছর আগে বন্য হাতির একটি পাল সাহাব উদ্দিনের বাড়িতে আক্রমণ করে। ওই ঘটনায় তার মা-বাবা ও নানা মারা যান। তখন সাহাব উদ্দিনের বয়স ছিল পাঁচ বছর। হাতিটি তাকেও শুঁড় দিয়ে তুলে ছুড়ে মেরেছিল। তবে খড়ের গাদায় পড়ে তিনি প্রাণে বেঁচে যান। দীর্ঘ সময় পর আবারও হাতির আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন তিনি।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজর্ষী নাগ জানিয়েছেন, হাতির আক্রমণে আহত সাহাব উদ্দিনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




