রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতচক্র।
আজ শুক্রবার ভোরে উপজেলার মালিয়াবো গ্রামে ঘটে এ ডাকাতির ঘটনা।
ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী পরিবারসহ আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মিয়া জানান, শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশ পরা ডাকাত রামদা, চাপাতি নিয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তার গলায় ছুড়ি ধরে স্ত্রী সাফিয়া বেগমকে বেঁধে ফেলে। এক পর্যায়ে পুত্রবধূ কনাকেও চোখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে চার ভরি স্বর্ণ ও নগদ চার লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় ডাকাতরা পুরো ঘরের জিনিসপত্র ভেঙে লণ্ডভণ্ড করে ফেলে।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ডাকাতের ঘটনার বিষয় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে এ ধরনের একটি ঘটনার ভিডিও দেখেছি। ঘটনাটি চুরি না ডাকাতি তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।





