নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

আহত কামরুল হাসান (২৪)
নোয়াখালীর বেগমগঞ্জে কামরুল হাসান (২৪) নামে এক তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ঘটে এ ঘটনা। পরে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীর স্বজনদের।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের ওক্কাছ পাটোয়ারী বাড়ির সামনে ঘটে এ ঘটনা। গুলিবিদ্ধ কামরুল ওই বাড়ির মো. ইউছুফের ছেলে। তিনি পেশায় দর্জি।
কামরুলের খালাতো ভাই মো. শান্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল চট্টগ্রামে দর্জির কাজ করেন। দুই দিন আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। শনিবার বিকেলে মোটরসাইকেলে খালাতো ভাই রাকিবকে (২০) নিয়ে আলাইয়াপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে বাড়ির সামনের সড়কে পৌঁছালে বাংলাবাজার এলাকার হারুন ও আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন তাদের পথরোধ করেন। একপর্যায়ে নুরু তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে কামরুলের বুকের ডান পাশে ও ডান হাতের বাহুতে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আরএমও ডা. রাজীব আহমেদ চৌধুরী বলছিলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ কামরুল হাসপাতালে ভর্তি হন। তার এক হাতের বাহুতে গুলির আঘাত রয়েছে। পেটের ওপরের অংশেও গুলির মতো আরেকটি আঘাত আছে, তবে সেখানে কোনো গুলি পাওয়া যায়নি। বর্তমানে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে নুরুর মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




