রাস্তার জমি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়
দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়িতে যাওয়ার রাস্তার জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এর জেরে রোববার তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি হয়। একপর্যায়ে মনোরঞ্জন রায়কে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি পাশের ধানক্ষেতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আসাদুজ্জামান নামে একজনকে আটক করা হয়।
ওসি আব্দুল ওয়াদুদ জানান, রবিবার সন্ধ্যায় নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।



