শেষ সম্বল বিক্রি করেও বাঁচার লড়াইয়ে অসহায় আজিজুল

অসহায় আজিজুল হাকিম
সন্তানদের মুখে হাসি ফোটাতে জীবনের দীর্ঘ সময় পরিশ্রম করেছেন আজিজুল হাকিম। কখনো হাটে হাটে জুতা-স্যান্ডেল বিক্রি করেছেন, কখনো নিরাপত্তাকর্মীর চাকরি করে সংসার চালিয়েছেন। জীবনের প্রতিটি দিন কেটেছে পরিবারের একটু ভালো থাকার স্বপ্নে। অথচ আজ নিজের জীবন বাঁচানোর জন্য মানুষের সহযোগিতা চাইতে হচ্ছে তাকে।
ব্রেন টিউমারসহ একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন ৪০ বছর বয়সী এই বাবা। চিকিৎসার খরচ জোগাতে দুই মাস আগে দুই লাখ টাকায় বিক্রি করেছেন নিজের বসতভিটা। অথচ সেই ভিটাতেই এখন সাময়িক আশ্রয়ে দিন কাটছে তার পরিবারের। শেষ সম্বলটুকু হারিয়েও মিলছে না চিকিৎসার প্রয়োজনীয় অর্থ।
রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা আজিজুল হাকিম। দুই ছেলে ও এক মেয়ের বাবা তিনি। পরিবারের দাবি, তার চিকিৎসা চালিয়ে যেতে আরও প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা প্রয়োজন। কিন্তু বসতভিটা বিক্রি করে নিঃস্ব হয়ে পড়া পরিবারটির পক্ষে এই অর্থের সংস্থান করা সম্ভব হচ্ছে না।
পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন আজিজুল। ২০১১ সালে বিয়ের পর জীবিকার তাগিদে বিভিন্ন হাটে জুতা-স্যান্ডেলের ব্যবসা শুরু করেন। পরে আ. রাজ্জাক জুট মিলে নিরাপত্তাকর্মী হিসেবে যোগ দেন। সেখানে প্রায় পাঁচ বছর চাকরি করেন। বেতন কম হওয়ায় সংসারের খরচ মেটাতে একপর্যায়ে ঢাকায় পাড়ি জমান। সেখানে প্রায় এক বছর চাকরি করার পর তিন মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন।
প্রথমে বাড়িতেই তার চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ব্রেন টিউমার, লিভারে পানি জমা ও কিডনিতে দাগসহ একাধিক গুরুতর শারীরিক জটিলতা ধরা পড়ে। এরপর থেকেই শুরু হয় চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি। চিকিৎসার ব্যয় মেটাতে শেষ পর্যন্ত নিজেদের বসতভিটাও বিক্রি করে দিতে হয়।
আজিজুল হাকিম মোবাইল ফোনে আগামীর সময়কে বলেন, দুই মাস আগে চিকিৎসার খরচ জোগাতে আমাদের বসতভিটা দুই লাখ টাকায় বিক্রি করেছি। এখনো সেখানে কিছুদিনের জন্য আশ্রয় নিয়ে আছি। লিভারের সমস্যা নিয়ে বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। একাধিক রোগের কারণে বিভিন্ন হাসপাতালে দৌড়াতে হচ্ছে। ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছি নিউরোসায়েন্স হাসপাতালে, ডা. মাইনুল ইসলাম স্যারের অধীনে। এখন সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে চিকিৎসার খরচ সব মিলিয়ে আমরা খুব অসহায় অবস্থায় আছি।
আজিজুলের মা লাইলী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী নেই। আজিজুল আমার একমাত্র ছেলে। অনেক কষ্ট করে তাকে বড় করেছি। ভেবেছিলাম, ছেলে বড় হয়ে সংসারের হাল ধরবে। নাতি, নাতনিদের নিয়ে বাকি জীবন কাটাব। কিন্তু আজ ছেলের এই অবস্থা দেখে বুক ফেটে যায়। চিকিৎসার খরচ জোগাতে নিজেদের বসতভিটাও বিক্রি করে দিয়েছি। এখন আর আমাদের কোনো সামর্থ্য নেই।
প্রতিবেশীরা জানান, আজিজুল গ্রামের পরিচিত একজন মানুষ। জীবনের বেশির ভাগ সময় পরিশ্রম করে সংসার চালিয়েছেন। পরিবারের মুখে হাসি ফোটাতে নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা ভাবেননি। অথচ আজ জটিল রোগে আক্রান্ত হয়ে অসহায় জীবনযাপন করছেন তিনি।
স্থানীয় ইসলাম উদ্দিন বলেন, আজিজুলের চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য পরিবারের নেই। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের আজিজুলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।



