চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর সংযোগ সড়কে ধস

চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কে ধস -আগামীর সময়
চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। গতকাল বুধবার গাছতলা এলাকায় সেতুর দক্ষিণ পাশে প্রায় ১৫ মিটার সড়ক ধসে যাওয়ার ঘটনা ঘটে। এতে যান চলাচলে ঝুঁকি সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. মিছির গাজী জানালেন, গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে গাছতলা এলাকার সেতুর সংযোগ সড়কের কিছু অংশ দেবে যেতে শুরু করে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় গতকাল দুপুরে সড়কের আরও বেশ কিছু অংশ ধসে পড়ে।
মোটরসাইকেল চালক মোসাদ্দেক আল আকিব জানালেন, সেতুর কিছু অংশ দেবে গেছে। ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। পরে জেলা প্রশাসন ও সড়ক বিভাগকে জানালে তারা ঘটনাস্থলে চলে আসেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সড়ক বিভাগের কর্মকর্তারা। সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাঁদপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বললেন, আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি। দেবে যাওয়া অংশ বালু দিয়ে ভরাট শুরু করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত মেরামত কাজ সম্পন্ন করা হবে।




