কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার
রামু (কক্সবাজার) প্রতিনিধি

মো. কামাল। সংগৃহীত ছবি
চট্টগ্রামের আলোচিত কামরুল হত্যা মামলার পলাতক আসামি মো. কামালকে (২২) গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কক্সবাজারের লিংক রোড মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার সালাম সাহেবের কলোনির বাসিন্দা। তিনি কামরুল হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিএসসি এবং এসআরবি-৭-এর সিপিসি-৩-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। মামলা হওয়ার পর থেকেই কক্সবাজারে আত্মগোপনে ছিলেন কামাল।
কামালকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।




