বগুড়ায় শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি: আগামীর সময়
বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৪০) নামের এক কৃষিশ্রমিকের গলাকাটা মরদেহ পাওয়া গেছে।
আজ শনিবার সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামে জুট মিলের পাশ থেকে এই মরদেহ উদ্ধার হয়।
শাহ আলম সংসারদিঘী দুবিলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে এবং তিনি এলাকায় কৃষিশ্রমিকের কাজ করতেন।
তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিহার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলী। বলেছেন, ‘শাহ আলম আমার ওয়ার্ডের বাসিন্দা। কিছুদিন আগে তার স্ত্রীর সঙ্গে তালাক হয়েছে। সেটা নিয়ে সালিশ বৈঠক হয়েছিল। আজ সকালে এলাকার এক জুট মিলের পাশের জমিতে তার মরদেহ দেখতে পেয়ে আমাকে খবর দেয় স্থানীয়রা।’
মরদেহ উদ্ধারের বিষয়ে শিবগঞ্জ থানার ওসি মো. শাহিনুজ্জামান বলেছেন, খবর পেয়ে পুলিশের একটি টিম গেছে ঘটনাস্থলে। কিন্তু হত্যার বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত করে বিস্তারিত জানাবে।






