রাতে ‘জিনে নিয়ে যাওয়া’ শিশুর মরদেহ মিলল পুকুরে

ফরিদ্গঞ্জ থানা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে ৪৫ দিন বয়সী এক শিশুর। শিশুটির নাম ইমন মিজি। শাশিয়ালী গ্রামের মিজি বাড়ির বাসিন্দা নাজির হোসেনের শিশুপুত্র ইমন মিজি। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে ঘটে এ ঘটনাটি।
রহস্যজনক এই মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পরিবারের দাবি, রাতে ‘জিনের মতো’ এক নারী এসে নিয়ে যায় শিশুটিকে। তবে পরদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুটির নিথর দেহ।
আজ শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে প্রাকৃতিক প্রয়োজনে ঘর থেকে বের হন নাজির হোসেনের স্ত্রী রহিমা বেগম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, বিছানায় শুয়ে থাকা তাদের ৪৫ দিন বয়সী শিশুসন্তান ইমন মিজি নেই। এ সময় তিনি স্বামী নাজির হোসেনকে শিশুর ব্যাপারে জিজ্ঞাসা করলে নাজির জানান, কালো বোরকা পরা ‘জিনের মতো’ এক নারী এসে নিয়ে গেছে শিশুটিকে। এ কথা শোনে তাৎক্ষণিকভাবে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখা যায় শিশুটির মরদেহ। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিনের ভাষ্য, পানিতে শিশুর মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি মরদেহের।

